জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর চইরাপাড়া এলাকার চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০০ পরিবারের মানুষ কর্মস্থল, স্কুল-কলেজসহ জরুরি প্রয়োজনে এলাকা থেকে বের হতে পারছেন না। বন্ধ রাস্তা খুলে দেওয়াসহ স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণপুর এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তব্য দেন তিতপল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, ওয়ার্ড যুবদলের সভাপতি সাঈদী, খালেদা আফসারী দুলালী, হারুনসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে মজু ও মোজাম্মেলের পরিবারের লোকজন বিভিন্ন সময়ে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেন। স্থানীয়দের দাবি, রাস্তার জায়গা ওয়াক্ফ করা হলেও এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রায় ৩০০ পরিবারের মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ জরুরি প্রয়োজনে বাইরে যাতায়াত ব্যাহত হচ্ছে।
এ সময় বক্তারা দ্রুত রাস্তা উন্মুক্ত করে দিয়ে স্থায়ী সমাধানের দাবি জানান। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী সম্পাদকঃ আল আমিন মিলু
প্রধান কার্যালয়ঃ মিরপুর-১৩ রোড নং ০৭ বাসা নাম্বার ২২ ব্লক-সি ঢাকা ১২০৬
আঞ্চলিক কার্যালয়ঃ তারাকান্দি শিল্পাঞ্চাল, সরিষাবাড়ী,জামালপুর।
মেইলঃ moshiurnews93@gmail.com
মোবাইলঃ ০১৮৫০ ৭২২ ৯৭১/ ০১৭৪৫ ৭৪৫ ৭৩৩/০১৭১৯ ০৮৫ ৭১৬
Design & Development By HosterCube Ltd.