মোঃ শফিকুজ্জামান সোহেল
রংপুর প্রতিনিধি
এক মাসের মধ্যে তথ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, তথ্য অধিকার আইনে আবেদন করে জনগণ যাতে সহজে ও দ্রুত প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, তা নিশ্চিত করা হবে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, তথ্য কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গঠন করা হবে। কমিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে যাতে পক্ষপাতিত্ব, বঞ্চনা কিংবা কাউকে বাদ দেওয়ার অভিযোগ না ওঠে, সেভাবেই এর কাঠামো নির্ধারণ করা হবে। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কমিশন কার্যকর ভূমিকা রাখবে।
গণমাধ্যমের পরিচয় ও বিভিন্ন ধরনের কার্ড প্রসঙ্গে তিনি বলেন, তাকে নিয়েও বিভিন্ন ধরনের কার্ড তৈরি করা হচ্ছে। তবে প্রকৃত ও মূলধারার গণমাধ্যমকে সঠিক জায়গায় আসতে হবে। গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, কেউ জেনেশুনে মিথ্যা তথ্য প্রচার করলে বা সরকারের সমালোচনার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের সমালোচনা করার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে মনোকষ্ট পেয়েছেন।
আগের সরকারের সমালোচনা করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনার অভিযোগ ছিল। এ কারণে তারা জনগণের কথা ভাবেনি। বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে সংস্কৃতির প্রসার এবং যুবসমাজকে দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, একটি দেশকে এগিয়ে নিতে শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়; সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশও জরুরি। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও মুক্তচিন্তার সঙ্গে যুক্ত করতে সরকারি উদ্যোগ আরও জোরদার করা হবে।
সভায় রংপুর বিভাগীয় কমিশনার, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী সম্পাদকঃ আল আমিন মিলু
প্রধান কার্যালয়ঃ মিরপুর-১৩ রোড নং ০৭ বাসা নাম্বার ২২ ব্লক-সি ঢাকা ১২০৬
আঞ্চলিক কার্যালয়ঃ তারাকান্দি শিল্পাঞ্চাল, সরিষাবাড়ী,জামালপুর।
মেইলঃ moshiurnews93@gmail.com
মোবাইলঃ ০১৮৫০ ৭২২ ৯৭১/ ০১৭৪৫ ৭৪৫ ৭৩৩/০১৭১৯ ০৮৫ ৭১৬
Design & Development By HosterCube Ltd.