মোঃ শফিকুজ্জামান সোহেল
রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সিদ্ধার্থ ও মুগ্ধকে আদালতে হাজির করা হয়। পরে রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।
তিনি বলেন, ‘গ্রেপ্তার দুই যুবক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁরা নিজেদের দায় স্বীকার করায় আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি।’
তদন্ত কর্মকর্তা বলেন, জবানবন্দিতে হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামিরা। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সেসব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
জবানবন্দি গ্রহণ শেষে রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে প্রিজন ভ্যানে করে তাঁদের কারাগারে নেওয়া হয়।
এর আগে শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রোববার ভোরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই এলাকার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে আটক করা হয়।
এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী সম্পাদকঃ আল আমিন মিলু
প্রধান কার্যালয়ঃ মিরপুর-১৩ রোড নং ০৭ বাসা নাম্বার ২২ ব্লক-সি ঢাকা ১২০৬
আঞ্চলিক কার্যালয়ঃ তারাকান্দি শিল্পাঞ্চাল, সরিষাবাড়ী,জামালপুর।
মেইলঃ moshiurnews93@gmail.com
মোবাইলঃ ০১৮৫০ ৭২২ ৯৭১/ ০১৭৪৫ ৭৪৫ ৭৩৩/০১৭১৯ ০৮৫ ৭১৬
Design & Development By HosterCube Ltd.