মোঃ শফিকুজ্জামান সোহেল
রংপুর প্রতিনিধি:
বিদ্রোহের আগুনে অন্যায়ের প্রতিবাদ, আবার প্রেম ও মানবতার সুরে সম্প্রীতির আহ্বান—কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে রংপুরের গঙ্গাচড়ায় শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেসমিন আক্তার বলেন, “নজরুলের সাহিত্য শুধু পড়ার বিষয় নয়, তাঁর লেখার মধ্যে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, মানুষের প্রতি ভালোবাসা এবং সাম্যের শিক্ষা। নতুন প্রজন্মকে এসব মূল্যবোধের সঙ্গে পরিচিত করানো আমাদের দায়িত্ব। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধে বেড়ে উঠবে।”
সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম বলেন, “নজরুল তাঁর সৃষ্টির মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির সমাজ গড়ার কথা বলেছেন। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের এই চেতনা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ।
বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা রয়েছে।
অনুষ্ঠানে গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাবলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া শাখার সেক্রেটারি ইউনুস আলী, গণঅধিকার পরিষদ গঙ্গাচড়া উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেব, খেলাফত মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মমিনুর রহমান ও উপজেলা জাসাস সভাপতি জাহানুর ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী সম্পাদকঃ আল আমিন মিলু
প্রধান কার্যালয়ঃ মিরপুর-১৩ রোড নং ০৭ বাসা নাম্বার ২২ ব্লক-সি ঢাকা ১২০৬
আঞ্চলিক কার্যালয়ঃ তারাকান্দি শিল্পাঞ্চাল, সরিষাবাড়ী,জামালপুর।
মেইলঃ moshiurnews93@gmail.com
মোবাইলঃ ০১৮৫০ ৭২২ ৯৭১/ ০১৭৪৫ ৭৪৫ ৭৩৩/০১৭১৯ ০৮৫ ৭১৬
Design & Development By HosterCube Ltd.