dailykagojkolom.com
সর্বশেষ :
dailykagojkolom.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা জমি দখলের অভিযোগ, গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টা পাগলাপীরে নজরুলের চেতনায় নতুন প্রজন্ম, গঙ্গাচড়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‎ গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সব সম্ভব টাকায় গঙ্গাচড়ায় দুঃস্থদের মাঝে ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ দিনাজপুরে আফাআউস কার্যালয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় মেলা নিয়ে অভিযোগের জবাব, নথিপত্রসহ তদন্ত দাবি কৃষক দল নেতার ‎ পুঁজি কেন দেশ ছাড়বে না—দেশকে আগে বিনিয়োগের জন্য নিরাপদ করতে হবে

গঙ্গাচড়ায় ডেইরি ফার্ম পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত


‎মোঃ শফিকুজ্জামান সোহেল
‎রংপুর প্রতিনিধি:

‎রংপুরের গঙ্গাচড়ায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্ম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে তিনি স্থানীয় ঐতিহ্যবাহী সরিষার তেলের ঘানি ঘুরে দেখেন। এ সময় খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের গরু পালন, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন তিনি।

‎রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন ডেইরি ফার্মে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে প্রায় ১ হাজার ২০০টি উন্নত জাতের গরু পালন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

‎খামার ঘুরে গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

‎প্যারাগন ডেইরির কর্মকর্তারা জানান, গাভির দুধ উৎপাদন বাড়াতে উন্নত পুষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন ও ভুট্টাসহ উন্নতমানের পশুখাদ্য উপকরণ ব্যবহার করা হয়। পাশাপাশি আমেরিকান জেনেটিক্স ব্যবহার করে উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলছে।

‎খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখে মার্কিন রাষ্ট্রদূত বলেন, উন্নত জেনেটিক্স ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এসব কৃষিপণ্য যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্য বাংলাদেশের বাজারে নতুন সুযোগ তৈরি করতে পারে।

‎প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খামারের অবকাঠামো, ব্যবস্থাপনা, পশুখাদ্য, দুধ উৎপাদন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন তিনি।

‎এরপর বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি ঘুরে দেখেন এবং সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। ঘানিভাঙা সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনো টিকে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

‎রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

‎এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

‎সকাল ১১টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শনের উদ্দেশ্যে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

‎সংশ্লিষ্টরা বলছেন, প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিক উন্মোচিত হতে পারে। উন্নত পশুখাদ্য ও জেনেটিক্স ব্যবহারের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানিরও সুযোগ তৈরি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dailykagojkolom.com
Design & Development By HosterCube Ltd.