
আল আমিন মিলু
এখনো কি খুলে রাখো—
সেই জানালা?
যে জানালার কার্নিশে
একদিন বিকেল এসে বসতো,
আর তোমার চুলের গন্ধে
বাতাসেরও যেন প্রেম হয়ে যেত।
মনে আছে—
সেই জানালার পাশে দাঁড়িয়ে
কত সন্ধ্যা তোমার চোখে
আমার হারিয়ে যাওয়া পৃথিবী খুঁজেছি;
কত জোছনা রাত
তোমার ছায়ার সাথে কথা বলে
ভোর করে দিয়েছি নিঃশব্দে।
তুমি জানালাটা খুললেই
আমার পৃথিবীতে বসন্ত নামতো,
তোমার একটুখানি হাসি
আমার সারাদিনের ক্লান্তি মুছে দিত।
আজও পথ দিয়ে যাই—
কিন্তু আর ফিরে তাকাই না।
ভয় হয়,
যদি দেখি জানালাটা বন্ধ—
তবে বুঝে যাবো,
শুধু তুমি নও,
আমাদের স্মৃতিগুলোও
একদিন ঘর বদলে নিয়েছে।
আবার ভয় হয়—
যদি দেখি জানালাটা খোলা,
আর তার পাশে তুমি নেই—
তবে তো আরও বেশি কষ্ট হবে।
তাই চোখ নামিয়ে হাঁটি,
অচেনা মানুষের মতো
চেনা সেই পথ পেরিয়ে যাই।
তবু হঠাৎ কোনো বাতাসে
পুরোনো কোনো গন্ধ এলে
মনে হয়—
এই তো তুমি,
এই তো সেই বিকেল,
এই তো জানালার ওপারে
চুপচাপ দাঁড়িয়ে আছো!
কত স্মৃতি যে পড়ে আছে
সেই জানালার কাঠে—
আমার স্পর্শ,
তোমার অপেক্ষা,
দুজনের নীরবতা,
আর না-বলা কত কথা!
হয়তো জানালাটা আজও খোলা—
শুধু আমি আর দাঁড়াই না সেখানে।
কারণ জানি,
তুমি নেই।
তবু মাঝে মাঝে
রাত গভীর হলে
আমার একলা ঘরের দেয়ালে
চাঁদের আলো এসে পড়লে
মনে হয়—
সেই জানালাটা বুঝি এখনো খোলা,
তুমি বুঝি এখনো দাঁড়িয়ে আছো,
আর আমি—
তোমাকে দেখতে পাবো না জেনেও
স্মৃতির ভেতর দিয়ে
ধীরে ধীরে
ফিরে যাচ্ছি সেই জানালার কাছে।