
মোঃ শফিকুজ্জামান সোহেল,
রংপুরঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার প্রত্যন্ত বেতগাড়ি এলাকায় শিক্ষার গুণগত মান উন্নয়নের প্রত্যয় নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় বেতগাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই দক্ষ শিক্ষক, আধুনিক পাঠদান ও দূরদর্শী ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষাঙ্গনে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি ১০ শিক্ষার্থী এ প্লাস অর্জন করে সাফল্যের নজির গড়েছে। তাদের মধ্যে দুইজন সব বিষয়ে এ প্লাস পেয়ে গোল্ডেন এ প্লাস অর্জন করেছে।
ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।
প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা জানান, এ সাফল্যের পেছনে অভিজ্ঞ ও তরুণ শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিনিয়র শিক্ষকদের মধ্যে রয়েছেন মো. আজহারুল ইসলাম, আব্দুল জলিল, আবু রেজা শামসুল, মোহাম্মদ শামসুল কবীর, গজেন্দ্রনাথ রায় ও নারায়ণ চন্দ্র সরকার। অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুণ শিক্ষকদের উদ্যম ও আধুনিক পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যজ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আলাউদ্দিনের দূরদর্শী ব্যবস্থাপনা, অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল করিম, পরিচালক মোসাম্মৎ নয়নতারা এবং শিক্ষক-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
তাঁরা মনে করেন, সঠিক পরিকল্পনা, দক্ষ শিক্ষক, কার্যকর ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম থাকলে প্রত্যন্ত গ্রাম থেকেও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব।
বেতগাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে দেশ ও জাতির জন্য দক্ষ, সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।