
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন, বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট বুধবার দিনব্যাপি এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে এলাকার বিভিন্ন খামারি ও গবাদিপশু পালনকারীদের বিনামূল্যে পশু চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও টিকা প্রদান করা হয়। পাশাপাশি গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা, পুষ্টি ব্যবস্থাপনা এবং খামার পরিচালনা বিষয়ে খামারিদের সচেতন করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সোলাইমান সরকার, ভেটেরিনারি সার্জন ডা. সুলতান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন,হামিদা খাতুনসহ ভ্যাকসিনেটর এবং স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও টিকাদান কর্মসূচি আয়োজন করায় স্থানীয় খামারিরা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।